কুড়িগ্রাম সদর উপজেলায় গ্রামীণ সেতু ভেঙে একটি ট্রাক্টর খালে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন। সেতুটি ভেঙে পড়ায় উপজেলার দুইটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি খালি ট্রাক্টরে ছয়জন যাত্রীসহ সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেতুর মাঝের অংশ ধসে পড়ে। এ সময় ট্রাক্টরটি নিচে পড়ে যায় এবং ট্রাক্টরে থাকা সবাই আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়।
পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো: শামছুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সেতুটি দিয়ে পাঁচগাছী ও বেগমগঞ্জ ইউনিয়নের ভেলুর বাজার, নয়ারহাট, সিতাইঝাড় ও পাকারমাথাসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করতেন। সেতুটি ভেঙে পড়ায় এ দুই ইউনিয়নের সংশ্লিষ্ট গ্রামগুলোর বাসিন্দারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো: এনামুল হক জানান, সেতু ভেঙে ট্রাক্টরটি নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তবে উদ্ধারকারীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।



