ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলায় নিজের আবাদি জমিতে সেচের জন্য বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: দুলাল হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার দক্ষিণ তিত্তপাড়া (ঝেল্লাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুলাল ওই এলাকার মরহুম মজিম উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, দুলাল সকালে নিজের জমিতে সেচ কাজের জন্য বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: মো: আসাদুজ্জামান (আসাদ) বলেন, ‘দুলাল হোসেনকে হাসপাতালে আনার পর তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে জীবনের কোনো লক্ষণ পাওয়া যায়নি। আমরা তাকে মৃত ঘোষণা করি।’



