ভূমিমন্ত্রী

জুলাই শহীদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে

‘আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চীনের সহযোগিতায় একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি যাদের বিদেশে চিকিৎসার প্রয়োজন, তাদের সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু
বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু |নয়া দিগন্ত

ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক সংগ্রামের চেতনাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করতে রাজশাহীতে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।’

তিনি বলেন, ‘বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ও শহীদ ড. শামসুজ্জোহার স্মৃতির মতোই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে একটি মর্যাদাপূর্ণ স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেয়া হবে।’

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজশাহী গণঅভ্যুত্থান-২৪ পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, ‘১৯৬৯ সালের গণআন্দোলনে শহীদ ড. শামসুজ্জোহা যেমন ছাত্রদের রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও অসংখ্য তরুণ নিজের জীবন বিলিয়ে দিয়েছে।’

শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও রাজশাহীর শহীদ শাকিব আঞ্জুম, আলী রায়হান ও মিনারুল ইসলামসহ সব শহীদের রূহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, ‘তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

আন্দোলনে আহতদের চিকিৎসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চীনের সহযোগিতায় একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি যাদের বিদেশে চিকিৎসার প্রয়োজন, তাদের সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

শহীদ পরিবারের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, ‘প্রতিটি শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি সহায়তার পরিকল্পনা নেয়া হচ্ছে। কর্মসংস্থানের উপযোগী সদস্যদের সরকারি চাকরির পরীক্ষায় বিশেষ অগ্রাধিকার দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।’

নতুন বাংলাদেশ গঠনের প্রসঙ্গ তুলে ভূমিমন্ত্রী বলেন, ‘প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি নয়; বরং দেশপ্রেম, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’

অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ।

রাজশাহী গণঅভ্যুত্থান-২৪ পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এম রফিকুল ইসলাম, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: আবুল কাশেম, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাব রাজশাহীর সভাপতি ডা: ওয়াসিম হোসেন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাফিজ প্রমুখ।

অনুষ্ঠানে জুলাইযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শুরুর আগে ভূমিমন্ত্রী জুলাইযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান।