টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শনে আজ শুক্রবার চট্টগ্রাম সফরে আসছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। সফরকে সফল করতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে জরুরি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা: এ কে এম ফজলুল হক, ডা: ছিদ্দিকুর রহমান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘টানা বর্ষণে চট্টগ্রামের বহু মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।’
তিনি বলেন, ‘আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানের এ সফরের উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা, তাদের খোঁজখবর নেয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা কার্যক্রমকে আরো বেগবান করা।’
প্রস্তুতি বৈঠকে জানানো হয়, শুক্রবার সকাল ৮টায় ডা: শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছাবেন। এরপর তিনি টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেবেন এবং চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।



