চাকরির প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
‎গ্রেফতার জাহিদুল ইসলাম
‎গ্রেফতার জাহিদুল ইসলাম |নয়া দিগন্ত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

‎রোববার (১২ এপ্রিল) গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

‎গ্রেফতার জাহিদুল ইসলাম উপজেলার মথরপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এর আগে শনিবার রাতে সাঘাটা থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

‎মামলা সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব অনন্তপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে রবিউল ইসলামকে ‘ল্যাব সহকারী’ পদে চাকরি দেয়ার কথা বলে জাহিদুল ইসলাম তার কাছ থেকে ৬ লাখ টাকা নেন। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি ভঙ্গ করে ওই পদে নিজের ছেলেকে নিয়োগ দেন।

‎ভুক্তভোগী পরিবার টাকা ফেরত চাইলে তিনি নানা টালবাহানা শুরু করেন। দীর্ঘদিন চেষ্টা করেও টাকা উদ্ধার করতে না পেরে ২০২৫ সালে আদালতে মামলা করেন আফজাল হোসেন। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।

‎এদিকে, জাহিদুল ইসলামের বিরুদ্ধে একই ধরনের প্রতারণার অভিযোগে আরো কয়েকজন ইতোমধ্যে আদালতে মামলা করেছেন এবং আরো অনেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

অভিযোগ রয়েছে, বিভিন্ন পদে চাকরি দেয়ার নামে অন্তত ১০ জনের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি।

‎বাদীপক্ষের আইনজীবী সাহাদুল আলম নয়া দিগন্তকে জানান, ‘অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।’

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহাবুর আলম বলেন, ‘অভিযোগগুলো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। প্রতারণার শিকার অন্যদের আইনি সহায়তার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।’