মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে নির্বাচনী বিরোধের জেরে মো: বশির উদ্দিন (৫২) নামে বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের গুদারাঘাট এলাকার ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ বশির উদ্দিন পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নয়াপাড়া এলাকার মরহুম চাঁন মিয়ার ছেলে।
ভুক্তভোগী বশিরের দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতনের পক্ষে তিনি কাজ করেন। একই আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: মহিউদ্দিনের সমর্থক চঞ্চল মিয়ার সাথে নির্বাচনী প্রচারণা ঘিরে বিরোধ দেখা দেয়।
তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনী বিরোধের জেরে বুধবার বিকেলে তাকে একা পেয়ে চঞ্চলের নেতৃত্বে রাসেল (৩৫), শুভ (৩৫), পলাশ (৪০) ও লালু মিয়া (৫০) তার পথরোধ করেন। এসময় চঞ্চল পিস্তল বের করে গুলি ছোড়েন। আত্মরক্ষার চেষ্টা করলে একটি গুলি তার হাতে লাগে। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছে। বুধবারের ঘটনাকে সেই উত্তেজনারই বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ সদর থানার এসআই আতাউর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’



