গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের (১৮) পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এমসি বাজার-সাতখামাইর সড়কের সাইটালিয়া চৌরাস্তা মোড় সংলগ্ন (বৃন্দাবন) এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের গ্রাম পুলিশ সদস্য শরিফ মিয়া জানান, সকাল ৮টার দিকে ওই সড়কের সাইটালিয়া চৌরাস্তা মোড়ের দোকানদার ফোনে আমাকে জানায়, সড়কের পাশে আগুনে পোড়া লাশ পড়ে রয়েছে। খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়ে থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
স্থানীয়রা জানান, গজারি বনের ভেতর দিয়ে সড়কের ওই স্থানে মানুষের কোনো বসবাস বা চলাফেরা নেই। সন্ধ্যার পর থেকেই সেখানে ভীতিকর অবস্থা দেখা যায়। লাশের গলায় একটি দড়ি বাঁধা ছিল। ১৮ বছরের অজ্ঞাত ওই যুবককে দুর্বৃত্তরা হয়ত অন্য কোনো এলাকায় হত্যা করে এখানে নিয়ে এসেছে। দুর্বৃত্তরা হত্যার পর ওই যুবকের দুই হাতের আঙ্গুল কেটে ফেলেছে। পরে শরীরের উপর কাঁঠাল পাতাসহ বনের বিভিন্ন গাছপালার পাতা দিয়ে এবং প্রেট্রোল ঢেলে দিয়ে লাশের গায়ে আগুন ধরিয়ে দেয়। লাশের শরীরে হাত দিলেই শরীর থেকে মাংস ছুটে আসছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, ‘সকাল ৮টার দিকে সড়কের পাশে লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আনুমানিক ১৮-২০ বছর বয়সী এক যুবকের আগুনে পোড়া লাশ সড়কের পাশে পড়ে রয়েছে। লাশের সুরতহালে দেখা যায়, শুকনো পাতা দিয়ে এবং সাথে দাহ্য পদার্থ শরীরে ঢেলে লাশের গায়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) ঘটনাস্থলে এসেছে। লাশের ময়নাতদন্ত করা হবে এবং ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম গ্রহণ করা হবে। থানায় মিসিং ডায়েরিগুলো পর্যবেক্ষণ করব এবং পার্শ্ববর্তী থানাগুলোতে এ বয়সের কোনো লোক মিসিং আছে কি-না সেটা আমরা খবর নিয়ে দেখব।’



