ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোসা: আরোবী আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার সরদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরোবী আক্তার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের কুঠিরডাঙ্গা (বগুড়া পাড়া) গ্রামের বাসিন্দা মো: আমিনুর রহমানের মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, আরোবী বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ডিমলা সদরের দিকে রওনা হয়েছিল। পথিমধ্যে সরদারহাটে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অত্যধিক গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছাত্রীকে চাপা দেয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, আরোবী আক্তার ছিল পরিবারের আদরের সন্তান। হঠাৎ এই দুর্ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মা-বাবা ও আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শওকত আলী সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



