সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি বলেন, ‘গণমাধ্যম প্রতিষ্ঠার জন্যই ২৪-এর জুলাই বিপ্লবে নিজের জীবন দিয়েছিলেন সাংবাদিক তাহির জামান প্রিয়। পেশাগত দায়িত্বের পাশাপাশি আন্দোলনেও যুক্ত ছিলেন প্রিয়। জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রেরণা দিয়েছেন। এখন গণমাধ্যমের স্বাধীনতা এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করাই প্রধান চ্যালেঞ্জ।’
রোববার (১৯ জুলাই) বিকেলে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে তার শিক্ষা প্রতিষ্ঠান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজেকা সুলতানা ফেন্সি বলেন, ‘শহীদ সাংবাদিক প্রিয় বৈষম্যের বিরুদ্ধে তার লেখা ও ছবিতে সোচ্চার ছিলেন। তার কর্ম আমাদের জন্য অনপ্রেরণা। বিশেষ করে তার শিক্ষা প্রতিষ্ঠান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের জন্য অনুপ্রেরণা। তাকে ঘিরেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি সারা দেশে সুনাম কুড়াবে। তার চেতনা সবসময় লালন করবে।’
আলোচনা সভায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন প্রিয়’র বাবা আবু হেনা মোস্তফা জামান, রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজ) সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক সোহেল, লায়ন্স ক্লাব রংপুরের সভাপতি মনজিল মুরাদ লাভলু প্রমুখ।
রংপুর লায়ন্স স্কুল থেকে ২০১৩ সালে এসএসসি ও ২০১৫ সালে এইচএসসি পাশ করেছিলেন প্রিয়।



