মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গৃহিণীকে ধর্ষণের অভিযোগে তাহাজ উদ্দিন (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘিওর থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী অভিযুক্তের প্রতিবেশী। অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের পর গত শনিবার গভীর রাতে তিনি ভুক্তভোগীর নিজ বাড়িতে প্রবেশ করেন। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপর রোববার রাতে ঘিওর উপজেলার নলকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত তাহাজ উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ আরো জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’


