কয়রায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীদের মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয়। পরে সন্ধ্যায় মীমাংসায় বসতে বাধ্য করার চেষ্টা করলে ভুক্তভোগী পরিবার প্রশাসনকে জানায়।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার আসামি সাইফুল্লাহ মোল্লা
শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার আসামি সাইফুল্লাহ মোল্লা |নয়া দিগন্ত

খুলনার কয়রা উপজেলায় পিঠা খাওয়ানোর লোভ দেখিয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল্লাহ মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল্লাহ মোল্লাকে তার বাড়ি থেকে আটক করেছে কয়রা থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ভুক্তভোগী শিশু ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।

গ্রেফতার সাইফুল্লাহ মোল্লা উপজেলার গোবরা গ্রামের মরহুম ওহিদ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে হঠাৎ বৃষ্টিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে প্রতিবেশী সাইফুল্লাহ মোল্লা শিশুটিকে পিঠা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর ফাঁকা বাড়িতে নিজের রুমে নিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন শুরু করলে শিশুটি ব্যথায় চিৎকার করতে থাকে। চিৎকার শুনে শিশুর মা মুর্শিদা খাতুন ও প্রতিবেশীরা জড়ো হলে উলঙ্গ অবস্থায় সাইফুল্লাহ মোল্লাকে দেখতে পান।

গোবরা গ্রামের মোশাররফ ঢালী বলেন, ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীদের মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয়। পরে সন্ধ্যায় মীমাংসায় বসতে বাধ্য করার চেষ্টা করলে ভুক্তভোগী পরিবার প্রশাসনকে জানায়। এরপর কয়রা থানা পুলিশ রাত ৮টার দিকে অভিযুক্ত সাইফুল্লাহ মোল্লাকে নিজ বাড়ি থেকে আটক করে।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘গবাদিপশুর ঘাস কাটতে যাওয়ার সময় আমার মেয়েকে সাইফুল্লাহ মোল্লার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তবে ঘাস কেটে এসে তাকে বাড়িতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে ও ডাকতে থাকি। একপর্যায়ে প্রতিবেশী সাইফুল্লাহর বাড়ির পাশে যেতেই মেয়ের গলার চিৎকার শুনে তাদের ঘরের দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায়। সে সময় আমাকে দেখে সাইফুল্লাহ আমার মেয়ের ওপর থেকে লাফিয়ে উঠে উলঙ্গ অবস্থায় একপাশে গিয়ে দাড়ায়। আর আমার মেয়ে কান্না করতে করতে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি এইটুকু শিশুর ওপর পাশবিক নির্যাতনের বিচার চাই‌।’

কয়রা থানার ভারপ্রাপ্ত ওসি মো: হাসানুজ্জামান বলেন, এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত সাইফুল্লাহ মোল্লাকে আটক করা হয়েছে।