পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক হাজার জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় সংশোধিত) আওতায় বিনামূল্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, উপজেলার তেতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকে। এজন্য এ সময় কর্মহীন হয়ে পড়েন জেলেরা। তাই জেলেদের মাঝে স্বস্তি ফেরাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১২ কেজি আটা, আট কেজি মসুর ডাল, ১০ লিটার সয়াবিন তেল, চার কেজি চিনি, চার কেজি লবণ ও ১৬ কেজি আলু প্রদান করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন ও নদীতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অভয়াশ্রম এলাকায় নির্ধারিত সময়ে মাছ ধরা নিষিদ্ধ রাখা হয়। এ সময় জেলেদের বিকল্প সহায়তা হিসেবে সরকার খাদ্যসামগ্রী বিতরণ করছে।



