এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

বোর্ডের অধীন ছয় জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড |ফাইল ছবি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় এক হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বোর্ডের অধীন ছয় জেলায় সংশ্লিষ্ট বিষয়ে মোট ৭৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ হাজার ৪৭৯ জন পরীক্ষায় অংশ নেয়। ফলে প্রথম দিনের পরীক্ষায় এক হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার দুই দশমিক ৪২ শতাংশ।

জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো— কুমিল্লায় ৫৮৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩৯ জন, চাঁদপুরে ২৩৭ জন, ফেনীতে ১৪৩ জন, নোয়াখালীতে ৪০১ জন ও লক্ষ্মীপুরে ১৮৯ জন। নোয়াখালী জেলার একটি কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: আহসান পারভেজ বলেন, বোর্ডের অধীন ছয় জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। সার্বিকভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে।