মিরসরাইয়ে চাঁদাবাজি ও দস্যুতার অভিযোগে ছাত্রদল কর্মীসহ গ্রেফতার ২

এ সময় অপহরণ করে আটকে রাখা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
পুলিশের অভিযানে গ্রেফতার দু’জন
পুলিশের অভিযানে গ্রেফতার দু’জন |নয়া দিগন্ত

মিরসরাইয়ে চাঁদাবাজি ও দস্যুতার ঘটনার অভিযোগে ছাত্রদলের কর্মীসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহরণ করে আটকে রাখা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক। এর আগে, বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার মো: আলমগীরের ছেলে সাফায়েত হোসেন শুভ (২৫) এবং কাটাছরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বামনসুন্দর এলাকার দেলু মিয়া সওদাগর বাড়ির গোলাম রব্বানীর ছেলে রফিকুল ইসলাম সোহেল (৩৭)। সাফায়েত হোসেন বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর বিশ্বরোড এলাকায় নাছিমা আক্তার (৪৮) নামে এক নারীকে কৌশলে সিএনজি অটোরিকশায় তুলে নেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে তার হাত ও চোখ বেঁধে দস্যুতার ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত রফিকুল ইসলাম সোহেলকে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

অপরদিকে একইদিন অভিযান চালিয়ে চাঁদা দাবির ঘটনায় সাফায়েত হোসেন শুভকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজতে থাকা জাবেদ উদ্দিন রনিকে উদ্ধার করা হয়। তাকে আটকে রেখে পরিবার থেকে চাঁদা দাবি করা হচ্ছিল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, থানায় ভুক্তভোগী পরিবার অভিযোগ দেয়ার পর স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে চাঁদাবাজি ও দস্যুতার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।