শীতলক্ষ্যা নদীতে ডুবে শাহ সিমেন্ট শ্রমিকের মৃত্যু

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
শীতলক্ষ্যা থেকে উদ্ধারকৃত শ্রমিক উজ্জ্বলের লাশের পাশে ফায়ার সার্ভিসের সদস্যরা
শীতলক্ষ্যা থেকে উদ্ধারকৃত শ্রমিক উজ্জ্বলের লাশের পাশে ফায়ার সার্ভিসের সদস্যরা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে কাজ করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে উজ্জ্বল (১৯) নামে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল ঝালকাঠি জেলার রামপুর গ্রামের বাসিন্দা প্রকাশের ছেলে। জীবিকার তাগিদে তিনি মুন্সীগঞ্জে এসে শ্রমিকের কাজ করতেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফ্যাক্টরির ৩ নম্বর জেটিতে একটি বাল্কহেড থেকে মালামাল আনলোড শেষে জেটিতে ওঠার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান উজ্জ্বল। মুহূর্তেই তিনি নিখোঁজ হয়ে গেলে সহকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর প্রায় ৪০ ফুট গভীর পানির নিচ থেকে ডুবুরি মো: জিসান ইসলাম তার লাশ উদ্ধার করেন। পরে লাশ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।