দর্শনায় গাঁজাসহ গ্রেফতার ৩ মাদক কারবারির কারাদণ্ড

গ্রেফতার আসামিদের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের লক্ষ্যে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার) আদালতে উপস্থাপন করা হয়। আদালত আসামিদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা করেন।

Location :

Chuadanga
দর্শনা থানায় গাঁজাসহ গ্রেফতার ৩ আসামি
দর্শনা থানায় গাঁজাসহ গ্রেফতার ৩ আসামি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে তাদের সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারি ট্রায়াল) উপস্থাপন করা হলে বিচারক প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দেন।

রবিবার (২ আগস্ট) বিকেলে দর্শনা থানার শান্তিপাড়া এলাকা থেকে স্থানীয় জনগণের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দামুড়হুদা উপজেলার পুরাতন হাওলী গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো: আতর আলী (৪৫), একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো: মিজানুর রহমান (৪০) ও দর্শনা থানার মোহাম্মদপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো: আবুল কালাম (৪০)।

বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে শান্তিপাড়া এলাকার হুমায়ুনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর গাঁজাসহ তিনজনকে স্থানীয় জনতা আটক করে রেখেছে, এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরে পুলিশ স্থানীয়দের হেফাজতে থাকা আসামিদের গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে গাঁজা জব্দ করে।

গ্রেফতার আসামিদের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের লক্ষ্যে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার) আদালতে উপস্থাপন করা হয়। আদালত আসামিদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আসামিদের আরো সাত দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে তাদের এ জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।