চকরিয়ায় প্রধানমন্ত্রী

কক্সবাজার জেলার চাষীদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নির্ধারণ হবে

‘কক্সবাজার জেলার উৎপাদিত লবণ চাষিদের ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে এবং কৃষি চাষীদের পাশাপাশি লবণ চাষীদেরকে কার্ড দেয়া হবে।’

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়া পৌর বাসটার্মিনাল চত্বরের জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
চকরিয়া পৌর বাসটার্মিনাল চত্বরের জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান |নয়া দিগন্ত

‘কক্সবাজার জেলার উৎপাদিত লবণ চাষিদের ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে এবং কৃষি চাষীদের পাশাপাশি লবণ চাষীদেরকে কার্ড দেয়া হবে।’

শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনাল চত্বরে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য কালে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

‘যারা বাজেটের বিরুদ্ধে রাস্তায় নামে তারা শুধু জনসাধারণকে বিব্রান্ত করছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তন করতে কাজ করছে।’

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের গণতন্ত্রকে নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে।’

তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকারের গণমুখী এ বাজেট তৃণমূল পর্যায়ের নিম্নবিত্ত, মধ্যবিত্ত সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাজেট। আজ এ বাজেট প্রণয়নের ফলে আল্লাহর রহমতে কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়নি অতীতের মতো, সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। এছাড়া আমাদের নির্বাচনী অঙ্গীকার কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণ প্রজন্মের চাহিদা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনে সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশব্যাপী বৃক্ষরোপণ ও নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন' কার্যক্রমের অংশ বাস্তবায়ন করা হচ্ছে।’

এদিন দুপুরে চকরিয়ার ডুলহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রী ও সহধর্মিণী ডা: জোবাইদা রহমানসহ সফরসঙ্গীরা পার্ক পরিদর্শন করেন।

এসময় মালুমঘাটের সংরক্ষিত বন এলাকায় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

পরে পেকুয়া উপজেলার সন্তান জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত ও পরিবারের সাথে মতবিনিময় করেন।

পরে পেকুয়া নবগঠিত পৌরসভা ও নবগঠিত মাতামুহুরি উপজেলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।

চকরিয়া পৌর বাসটার্মিনালের জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘গত ১৭ বছরের ক্ষতিগ্রস্ত আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে সাড়ে তিন মাসের মধ্যে একটি পুর্ণাঙ্গ বাজেট প্রণয়ন করা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘কালি মুছে না যাওয়ার পূর্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করছেন। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৪ লাইন থেকে ৬ লাইনে উন্নিত করা হবে।’

প্রধানমন্ত্রী সাথে এ সময় উপস্থিত ছিলেন সরকারের পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লত, ভূমি ও পর্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম, চট্টগ্রাম আসনের এমপি আবু সুফিয়ান, এমপি এনামুল হক, বান্দরবান জেলার এমপি সাচিং প্রুো জেরি, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলার মহিলা আসনের এমপি, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।