চকরিয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

অভিযুক্ত মিনার একজন নেশাগ্রস্ত ছেলে। ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে মিনার দা দিয়ে কুপিয়ে তার বাবার গলা ও হাত কেটে দেয়।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
ঘাতক মিনার পুলিশের হাতে আটক
ঘাতক মিনার পুলিশের হাতে আটক |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় খলিলুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তারই ছেলে মিনার (৩০)।

শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার মৌলভীরকুম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় লোকজন জানান, অভিযুক্ত মিনার একজন নেশাগ্রস্ত ছেলে। ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে মিনার দা দিয়ে কুপিয়ে তার বাবার গলা ও হাত কেটে দেয়। এ সময় খলিলুর রহমানের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খুনি ছেলে মিনার পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। এ সময় মব থেকে রক্ষা করার জন্য স্থানীয়রা তাকে পাশের কমিউনিটি সেন্টারে নিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে চকরিয়া থানায় খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ঘটনার খবর পাওয়া সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে খলিলুর রহমানের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহতের হাতে ও গালায় কোপানোর আঘাত রয়েছে। ঘটনার সাথে জড়িত থাকায় নিহতের ছেলে মিনারকে আটক করা হয়েছে।