ঝিনাইদহের শৈলকুপায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে হাফিজুর রহমান (৩৪) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে শৈলকুপার হাট ফাজিলপুর এলাকার ছাবিনগর স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও ছাবিনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৭টার দিকে লাঙ্গলবাঁধ বাজার থেকে মোটরসাইকেল করে বাড়িতে ফিরছিলেন স্কুল শিক্ষক হাফিজুর। পথিমধ্যে ছাবিনগর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে হাফিজুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মাগুরা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোহসিন উদ্দিন ফকির বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই দুর্ঘটনার শিকার স্কুল শিক্ষক মারা যান। লাশ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’



