কমলগঞ্জে সড়কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

‘গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ছাড়া একটি অঞ্চলের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। জনগণের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজন বিবেচনায় নিয়েই এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সড়কসহ একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিভিন্ন সড়ক নির্মাণ, সংস্কার ও জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামান, সমাজসেবক মো: দুরুদ মিয়া, মো: আবুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ‘গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ছাড়া একটি অঞ্চলের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। জনগণের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজন বিবেচনায় নিয়েই এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমি আশা প্রকাশ করছি, কমলগঞ্জের প্রতিটি ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাবে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সরকার ও জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামান জানান, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরো শক্তিশালী হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার অনেক সড়ক চলাচলের অনুপযোগী ছিল। নতুন উন্নয়ন কাজ দ্রুত শেষ হলে তারা ব্যাপকভাবে উপকৃত হবেন। একইসাথে তারা কাজের গুণগত মান বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথিরা নির্মাণাধীন প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।