ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটের নির্ধারিত মূল্য তিন টাকা বাস্তবায়ন করা হয়েছে। দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত সংবাদের পর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়ায় সেবাপ্রার্থীরা এখন নিয়ম অনুযায়ী মাত্র তিন টাকায় টিকিট পাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, টিকিট কাউন্টারের আশপাশে স্পষ্টভাবে প্রিন্ট করা নোটিশে টিকিটের মূল্য তিন টাকা উল্লেখ করা হয়। কাউন্টারে কর্মরত কর্মচারীরা চিকিৎসা সেবা প্রত্যাশীদের সরাসরি জানিয়ে দিচ্ছেন। এতে দরিদ্র ও সাধারণ রোগীরা অতিরিক্ত অর্থ দেয়ার হয়রানি থেকে রক্ষা পেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, নয়া দিগন্তে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হয় এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী টিকিটের মূল্য তিন টাকাই নির্ধারিত। এখন থেকে এটি পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে। কোনো অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’
স্থানীয় সেবাপ্রার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, আগে টিকিট নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। এটি সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে আরো সহজ ও সাশ্রয়ী করবে।



