ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর ফলে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহের ম্যাপ
ময়মনসিংহের ম্যাপ |ফাইল ছবি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। একই সময়ে নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা: এমদাদুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৃত দু’জনের মধ্যে একজনের হৃদযন্ত্রের সমস্যাও ছিল।

মৃতরা হলেন—ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল বারেকের ছেলে সাজ্জাদ হোসেন (৪০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কদ্দুস (৪০)।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর ফলে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘বর্ষা মৌসুমে প্রতিবছর ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এ কারণে শুরু থেকেই হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু রোগীদের জন্য আইসোলেটেড ওয়ার্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে। চিকিৎসক-নার্সসহ পৃথক জনবল নিয়ে গঠিত বিশেষ ব্যবস্থাপনা টিম সেখানে দায়িত্ব পালন করছে।’

তিনি বলেন, ‘ডেঙ্গু ব্যবস্থাপনায় ফোকাল পারসন হিসেবে অধ্যাপক ডা: এমদাদুল্লাহ খান এবং অ্যাসিস্ট্যান্ট ফোকাল পারসন হিসেবে ডা: সেলিম দায়িত্ব পালন করছেন। তাদের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা পরিচালিত হচ্ছে।’

ডা: মাইনউদ্দিন খান বলেন, ‘এক হাজার শয্যার হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়লে অতিরিক্ত রোগীদের জন্য জায়গা ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে। রোগীর চাপ আরো বাড়লে ২৭ নম্বর ওয়ার্ডের পুরো অংশকে আইসোলেটেড ডেঙ্গু ওয়ার্ড হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।’