মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আলিফ (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ওই গ্রামের কাশেমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আলিফ ঢাকার সাভার এলাকার একটি ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ঈদুল আজহার ছুটি উপলক্ষে সে পরিবারের সদস্যদের সাথে গ্রামের বাড়িতে আসে। শনিবার দুপুরে তিন বন্ধুর সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে আরো জানা যায়, একসাথে গোসল করতে যাওয়া বন্ধুরা দীর্ঘ সময় আলিফকে খুঁজে না পেয়ে বাড়িতে খবর দেয়। পরে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং একপর্যায়ে তাকে উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা কাশেম ও মা কহিনুর জানান, কয়েকজন বন্ধুর সাথে খেলাধুলা শেষে গোসল করতে গিয়েছিল আলিফ। সে সাঁতার জানত না। সাথে থাকা বন্ধুদের কাছ থেকেই তারা জানতে পারেন যে আলিফ পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। পরে জাল দিয়ে খোঁজ করে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আলিফ দুই ভাই ও এক বোনের মধ্যে একজন ছিল। তার এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে আলিফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



