নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (২৯ আগস্ট) সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দৈনিক সংবাদের সোনারগাঁও প্রতিনিধি মাহববুল ইসলাম সুমনের এ মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করেন।
সোনারগাঁও প্রেস ক্লাব ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক আবদুস সাত্তার প্রধান, হাসান মাহমুদ রিপন, আবু বকর সিদ্দিক, শাহাদাত হোসেন রতন, রবিউল হুসাইন, ফরিদ হোসেন, ইমরান হোসেন, কামরুজ্জামান রানা, আনোয়ার হোসেন, শিশু কিশোর সংগঠন খেলাঘর সোনারগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সোনারগাঁও উপজেলার সদস্য সচিব মশিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।
মানববন্ধনে সোনারগাঁ প্রেস ক্লাব, রিপোর্টাস ক্লাব, সোনারগাঁও থানা প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও পরিবেশ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর থেকে শুরু করে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় হালকা যানবাহন চলাচলের জন্য নির্মাণ করা হয়। এ সড়ক দিয়ে একটি কোম্পানির ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল দেখা দেয়। এ বিষয়ে মে মাসে স্থানীয়রা উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
পরে, ২০ আগস্ট সিমেন্ট বোঝাই একটি ট্রাক ওই কোম্পানির কারখানায় যাওয়ার সময় এলাকাবাসী বাধা দেয়। এসময় কোম্পানির ঠিকাদার আবু সাঈদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর ওপর হামলা করে সাতজনকে আহত করে। এ ঘটনায় কোম্পানি ও গ্রামবাসীর পক্ষ থেকে সোনারগাঁও থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়। কোম্পানির অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হলেও গ্রামবাসীর অভিযোগ আমলে নেয়নি পুলিশ। কোম্পানির পক্ষে নথিভুক্ত মামলায় আসামির তালিকায় সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের নাম যুক্ত করা হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, অন্যায়ের প্রতিবাদ করার কারণে সাংবাদিক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। পুলিশএকটি কোম্পানির পক্ষে গিয়ে সঠিক তদন্ত ছাড়া মিথ্যা মামলা গ্রহণ করে। সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ও উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া এ কোম্পানির পক্ষে মামলা গ্রহণে ভূমিকা রেখেছেন। দ্রুত সময়ের মধ্যে এ মামলা থেকে সাংবাদিক সুমনের নাম প্রত্যাহার করতে হবে।
অভিযোগের বিষয়ে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে প্রমাণ পেয়ে মামলা গ্রহণ করা হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে সুবিধা গ্রহণের বিষয়টি সত্য না।



