নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে মো: আমির বেপারী (৫০) নামে এক ভ্যানচালককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৬টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের কুমুদ মাটি পাকা সড়কে এ ঘটনা ঘটে।
আহত আমির বেপারী বিলজোয়ানি গ্রামের মরহুম কালাই বেপারীর ছেলে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, সারাদিন ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে কুমুদ মাটি পাকা সড়কে পৌঁছালে মোছা: জাহানারা বেওয়া (৫০) তার ভ্যান থামান। পরে তিনি মো: ওমর আলীকে (৪৫) ফোনে ডেকে আনেন। খবর পেয়ে ওমর আলীর ছেলে মো: শাউন সিকদার (২০) ও একই এলাকার মো: সবুজ সিকদার (৩০) ঘটনাস্থলে আসেন।
অভিযোগ করা হয়েছে, একপর্যায়ে তারা বাঁশের লাঠি দিয়ে আমির বেপারীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার বাম পায়ের হাঁটুর ওপরে রক্তাক্ত ও গুরুতর ফোলা জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আমিরকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। চিকিৎসা শেষে তিনি নলডাঙ্গা থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানান, ভুক্তভোগী চিকিৎসাসেবা শেষে থানায় অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।



