পাকুন্দিয়ায় তুলার গুদামে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামের তুলাসহ মেশিনপত্র পুড়ে যায়।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
তুলার গুদামে আগুন
তুলার গুদামে আগুন |ফাইল ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি তুলার গুদামে আগুন লেগে ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুলেরঘাট বাজার সংলগ্ন মাইজহাটি এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পুলেরঘাট বাজার সংলগ্ন মাইজহাটি এলাকায় পল্লীবিদ্যুতের একটি সাব-স্টেশন রয়েছে। ঠিক পাশেই একটি তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে। খবর পেয়ে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামের তুলাসহ মেশিনপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।

তুলার গুদামের মালিক শামীম ও নিজাম উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে হটাৎ আগুল লেগে গুদামের সমস্থ মালামাল ও মেশিনারিজ পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সামনে পল্লী বিদ্যুতের সাব স্টেশনের একটি মিটারের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গুদাম মালিকের পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়াও যন্ত্রাংশের ও ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।