চট্টগ্রামের মিরসরাইয়ে স্থানীয় মো: আলাউদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে হামলা, নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন হাসিনা আক্তার শিল্পী নামে ভুক্তভোগী এক গৃহবধূ।
অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেও ওই গৃহবধূ ও তার পরিবারের সদস্যরা প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
শনিবার (৪ জুলাই) দুপুরে মিরসরাই প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ভুক্তভোগী হাসিনা আক্তার উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু গ্রামের জয়নাল আবেদীন টেন্ডল বাড়ির নিজাম উদ্দিনের স্ত্রী।
লিখিত বক্তব্যে হাসিনা আক্তার শিল্পী জানান, তার স্বামী নিজাম উদ্দিন ২০১৫ সালে উপজেলার দুয়ারু এলাকায় স্থানীয় মো: আলাউদ্দিনের কাছ থেকে ছয় শতাংশ ও তার ভায়রা আলী আকবরের কাছ থেকে ১৩ শতাংশসহ মোট ১৯ শতাংশ জমি কেনেন। আলাউদ্দিনকে জমির মূল্য বাবদ সব টাকা পরিশোধ করে নিজের কেনা জমিতে ঘর নির্মাণ করে সেখানে বসবাস করে আসছেন।
‘সম্প্রতি আলাউদ্দিন আমার স্বামীর কেনা জমিতে লাগানো গাছ ও জমির মাটি কেটে নিয়ে যান। সে আমাদের কাছে আরো পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে সে আমার স্বামী নিজাম উদ্দিনসহ আমাকে ও আমার ছেলেদের মারধর করে। এ ঘটনায় চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতে মামলা করেছি। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। উক্ত মামলায় আলাউদ্দিন গ্রেফতার হন এবং পরে জামিনে মুক্তি পেয়ে আরো মারমুখী অচরণ করছে,’ বলেন ওই গৃহবধূ।
তিনি আরো বলেন, ‘আমার স্বামী নিজাম উদ্দিন জাহাজে চাকরি করেন। আলাউদ্দিনের ভয়ে আমার স্বামী বাড়ি আসতে পারছেন না। আলাউদ্দিন জামিনে আসার পর বাড়িতে আমার স্বামী না থাকার সুযোগে সে প্রায় সময় আমাকে উত্যক্ত করছে এবং আমার ছেলেদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে। আলাউদ্দিনের এমন সন্ত্রাসী আচরণ থেকে আমরা মুক্তি চাই।’
অভিযোগ অস্বীকার করে মো: আলাউদ্দিন বলেন, ‘হাসিনা আক্তার শিল্পীর স্বামী নিজাম উদ্দিন আমার থেকে যে জমি কিনেছে তা বুঝিয়ে দিয়েছি। তারপরও সে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি তার কাছে কোনো চাঁদা চাইনি এবং কোনো হুমকিও দিইনি।’



