উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের উজিরপুর উপজেলায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে বরিশাল জেলা ডিবি পুলিশের একটি দল। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় মাদক বিক্রেতা আরিফুল ইসলামসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে আটকের চেষ্টা করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ইয়াবার একটি চালান পাশের পুকুরে ফেলে দেন। এ সময় বাধা দিতে গেলে আরিফুল ও তার সহযোগীরা ডিবি পুলিশের সদস্যদের ওপর হামলা চালান। এতে দুই কনস্টেবল আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর আরিফুল ইসলামসহ তার তিন সহযোগীকে আটক করা হয়।
বরিশাল জেলা ডিবি পুলিশের ওসি এহতেশামুল হক বলেন, “মাদক উদ্ধার অভিযানে গিয়ে আমাদের দুই কনস্টেবল আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরিফুল ইসলামকে ছিনিয়ে নিতে এসে তার সহযোগীরা হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে সে ইয়াবার একটি বড় চালান পুকুরে ফেলে দেয়।”
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, গোয়েন্দা পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



