বাহিরে ওয়ার্কশপ ভিতরে অস্ত্রকারখানা, এভাবে চলে আসছে দেশীয় অস্ত্র তৈরী ও সরবরাহ। চট্টগ্রামের হাটহাজারীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের সাঁড়াশি অভিযানে পেনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে হাটহাজারীর সরকারহাট বাজার এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম এসব তথ্য জানান।
গ্রেফতাররা হলেন মো: জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) ও মো: কবির (৪৭)।
জানা গেছে, হাটহাজারী এলাকায় একটি চক্র দেশীয় অস্ত্র তৈরি ও বিভিন্ন স্থানে সরবরাহ করছে এমন তথ্যের ভিত্তিতে চক্রটির ওপর নজরদারি শুরু করে পুলিশ। তথ্য যাচাই ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট রাত ২টার দিকে মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো: তারেক আজিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জামাল মিস্ত্রি ও কবিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে একটি পেনগান, চারটি দেশীয় পিস্তল, পেনগানের ১৮টি ও পিস্তলের দু’টি বুলেট উদ্ধার করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো: তারেক আজিজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দু’জন হাটহাজারীর সরকারহাট বাজারে অবস্থিত ওসমানের সিএনজিচালিত অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির তথ্য দেন। পরে এসব অস্ত্র দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য সরবরাহ করা হতো বলে জানায় তারা।
তিনি জানান, তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাতেই সরকারহাট বাজারে ওই ওয়ার্কশপে অভিযান চালায়। সেখানে অস্ত্র তৈরির বিভিন্ন আলামত ও সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় পলাতক ওসমানসহ জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার আরো জানান, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, অস্ত্রের উৎস চিহ্নিতকরণ ও অস্ত্র সরবরাহকারী চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার অভিযান অব্যাহত থাকবে।



