বরিশালের উজিরপুর মডেল থানার তিন পুলিশ সদস্যের ডোপ টেস্টের ফল পজিটিভ হওয়ায় সবমহলে তোলপাড় চলছে।
বুধবার (২২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘পজিটিভ পাওয়া সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
ডোপ টেস্ট পজিটিভ হওয়া কনস্টেবলরা হলেন আরিফ হোসেন, মেহেদী ও আতাউর।
জানা যায়, ৫ দিন আগে মডেল থানার তিন কনস্টবলকে ডোপ টেস্ট করার জন্য বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়। এরপর ওই তিনজনের ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট আসায় তাদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আটক রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য বলেন, জেলা পুলিশের সবার ডোপ টেস্ট কার্যক্রম চলমান আছে। পর্যায়ক্রমে জেলার ১০টি থানার পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল উজিরপুর থানার তিনজনকে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।
তাদের ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ এলে পুলিশ সুপারের কার্যালয়ে আটক করে রাখা হয়।
গত সোমবার (২১ এপ্রিল) তাদের ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পুনরায় টেস্ট করানোর জন্য পাঠানো হয়েছে।
উজিরপুর থানার অফিসার ইনচার্জ মো: রকিবুল ইসলাম বলেন, ‘রেগুলার পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইনে যাওয়া-আসা করে। ডোপ টেস্টের বিষয় আমার জানা নাই।’
বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান দুজনের রিপোর্ট পজিটিভ পাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, ‘পুলিশের ডোপ টেস্ট একটি চলমান প্রক্রিয়া। এটি আগেও হয়েছে এখনো হচ্ছে। ফলাফল পজিটিভ পাওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’



