রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯

হাসপাতালে যখন আনা হয়, তখনই আমরা দু’জনকে মৃত অবস্থায় পাই। আহতদের মধ্যে তিনজন শিশু আছে, যাদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
মৃত্যু
মৃত্যু |নয়া দিগন্ত

রংপুরে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন শিশুসহ আরো নয়জন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই এলাকার জেলে মিলন মিয়া (৩৫) ও কৃষক তালেব উদ্দিন (৪৫)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, সকালে ওই এলাকায় বৃষ্টি হয়। এ সময় এলাকার ছোট শালমারা বিলে মাছ ধরছিলেন জেলেরা। তা দেখতে সেখানে স্থানীয় শিশুসহ ১৫ থেকে ২০ জন ভীড় করে। এর মধ্যে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিন শিশুসহ কমপক্ষে ১১ জন আহত হয়। তাদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মিলন ও তালেবের মৃত্যু হয়। কৃষক তালেব ঘটনার সময় আরেকটি পুকুরে পানা তোলার কাজ করছিলেন।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: মিজানুর রহমান বলেন, ‘হাসপাতালে যখন আনা হয়, তখনই আমরা দু’জনকে মৃত অবস্থায় পাই। আহতদের মধ্যে তিনজন শিশু আছে, যাদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় দু’জন মারা গেছেন। আহতদের মিঠাপুকুর ও রংপুরে চিকিৎসা দেয়া হচ্ছে।’