নেত্রকোনায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মজুদকৃত তিন হাজার এক শ’ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একইসাথে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখার দায়ে দুই তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারের মেসার্স শংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্সে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামছুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামছুজ্জামান সাংবাদিকদের জানান, অভিযান চালিয়ে ওই দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে তিন হাজার এক শ’ লিটার ডিজল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ ৯৫ হাজার টাকা।
তিনি আরো জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলমান থাকবে।



