ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার ক্ষমতাসীন বিএনপির উদ্দেশে বলেছেন, ‘হাসিনা ভারতে আশ্রয় পেয়েছে, আপনারা কোথায় যাবেন? জুলাইয়ের সাথে বেইমানি করবেন না। জুলাইয়ের সাথে বেইমানি করলে ছাড় দেয়া হবে না।’
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই গণঅভ্যুত্থান হলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম আন্দোলন সংগ্রামের শহর। চট্টগ্রাম থেকেই আন্দোলনের সূচনা হবে। যারা জুলাইয়ের সঙ্গে বেইমানি করেছে তাদের সঙ্গে জনগণের কোন সম্পর্ক নেই।
ইসহাক সরকার আরো বলেন, ‘সরকারকে হুশিয়ারি করে বলতে চাই আপনারা জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়ন করুন। জুলাইয়ের সাথে গাদ্দারি করবেন না। শত শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। ক্ষমতায় গিয়ে রক্তস্নাত জুলাইকে ভুলে যাবেন না। যদি ভুলে যান তাহলে রাজপথ থেকে কঠোরভাবে স্মরণ করিয়ে দেয়া হবে। ঢাকা বিজয় হয়েছে। আজকে চট্টগ্রাম বিজয়ের যাত্রা শুরু হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। সনদ বাস্তবায়নে বিভিন্ন টালবাহানা শুরু করেছে। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায় করে নিবো। জুলাইয়ে আমার ভাই হত্যার বদলা আমরা নিবোই। বিএনপি ক্ষমতায় এসে আজকে আমাদের সাথে বেইমানি করছে।’
উল্লেখ্য, এদিন চট্টগ্রামের এলডিপি, সোশ্যাল এক্টিভিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এনসিপিতে যোগদান করেন।



