সিলেট জেলা ও মহানগরে হচ্ছে ২৭০৬টি ঈদ জামাত

জেলার ২৩১০টি ঈদ জামায়াতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে। বড় বড় ঈদ জামায়াতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ঈদগাহ
ঈদগাহ |নয়া দিগন্ত

সিলেটে এবারের ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এছাড়া সিলেট জেলা ও মহানগর এলাকায় দুই হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে সিলেট নগর এলাকায় মোট ৩৯৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ৩২৫টি মসজিদে ও ৭১টি ঈদগাহে হবে ঈদের জামাত। আর সিলেট জেলায় মোট দুই হাজার ৩১০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে মসজিদে হবে এক হাজার ৯৯০ টি ও ঈদগাহে হবে ৩২০টি ঈদ জামাত।

সোমবার (২৫ মে) সিলেট জেলা ও মহানগর পুলিশ এবং ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মঞ্জুরুল আলম জানিয়েছেন, সিলেট নগরীতে ৩৯৬টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। শাহী ঈদগাহসহ সকল এলাকায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে। শাহী ঈদগাহ ময়দানে থাকে তিন স্তরের নিরাপত্তা বলয়।

সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক জানিয়েছেন, জেলার ২৩১০টি ঈদ জামায়াতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে। বড় বড় ঈদ জামায়াতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।

সিলেট নগরীতে ঈদ জামাত কখন, কোথায় :
প্রতি বছরের ন্যায় এবারো সিলেটে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে নামাজের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। নামাজে ইমামতি করবেন ঐ মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

দরগাহে শাহজালাল (র.) জামে মসজিদ :
নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামায়াত ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টি বেশী হলে দু’টি জামায়াত অনুষ্ঠিত হবে। তখন সকাল ৯টায় ২য় জামাত অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।

আলীয়া মাদরাসা মাঠ:
ঐতিহ্যবাহী সরকারী আলীয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ।

কুদরত উল্লাহ জামে মসজিদ :
নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়, ইমামতি করবেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।

কালেক্টরেট মসজিদ :
নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬টায়। জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম। এছাড়া, শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।