দেশের মানুষ আর কোনো ফ্যাসিস্টকে গ্রহণ করবে না বলে মন্তব্য করে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে বহু রক্তের বিনিময়ে। কারো কাছে ভিক্ষা করে নয়, কারো কাছে তাবেদারী করে নয়। এই স্বাধীনতা রক্ষা করবে এ দেশের জনগণ। তাই বিদেশের মাটিতে বসে যত রকম ষড়যন্ত্রই করেন না কেন, জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুরান থানা মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিষ্টদের পতনে এ দেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল বলে স্মরণ করিয়ে দিয়ে আব্দুস সালাম আজাদ বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ আছি ও ঐক্যবদ্ধ থাকব। আগামী দিনে যত রকম ষড়যন্ত্রই আসুক না কেন তা প্রতিহত করে জননেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো, ইনশাআল্লাহ।’
আলোচনা সভা শেষে সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুস সালাম আজাদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ঘোড়দৌড় বাজার পুরান থানা মাঠ থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কনকসার কাঠপট্টি এলাকায় গিয়ে শেষ হয়।
আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, হাজী মো: রাসেদ খান, উপজেলা বিএনপির সদস্য বাদল হোসেন হাওলাদার, সাগর বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মোক্তার হোসেন খান, আল আমিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা হোসেন রনিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



