বগি লাইনচ্যুত

ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের সানকিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী ট্রেনও পরে লাইনচ্যুত হওয়ায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়েছে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ
ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে
ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে |নয়া দিগন্ত

ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুন) সকাল পৌনে ৯টার দিকে শহরের সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সানকিপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।

এদিকে, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে পাঠানো উদ্ধারকারী ট্রেনটিও কেওয়াটখালি এলাকায় লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। এতে উদ্ধার কার্যক্রম বিলম্বিত হচ্ছে এবং পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।

ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির সামনের ৯টি বগি চলে এসেছে। একটি বগি আটকা পড়ে আছে। সেটি উদ্ধারে কাজ চলছে।

তিনি আরো জানান, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) মোতায়েন রয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান থাকায় জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।