চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

সোমবার সকালে ওই ব্যক্তি রেললাইনের একেবারে কোল ঘেঁষে অসতর্ক অবস্থায় বসে ছিলেন। এ সময় দর্শনা অভিমুখী একটি মালবাহী ট্রেন ডাউন লাইন অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে
ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে |প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির (আনুমানিক বয়স ৪৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার পশুহাট এলাকার রেলওয়ে সিগন্যাল সংলগ্ন স্থানে মালবাহী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা রেলস্টেশন ও আশপাশের পশুহাট এলাকায় যাযাবরের মতো জীবনযাপন করতেন। বাকপ্রতিবন্ধী হওয়ায় স্থানীয়দের দেয়া খাবার খেয়েই বেঁচে ছিলেন তিনি। রাতে কখনো রেলস্টেশনের প্ল্যাটফর্মে, আবার কখনো হাটের শেডের নিচে ঘুমাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ওই ব্যক্তি রেললাইনের একেবারে কোল ঘেঁষে অসতর্ক অবস্থায় বসে ছিলেন। এ সময় দর্শনা অভিমুখী একটি মালবাহী ট্রেন ডাউন লাইন অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম বা স্থায়ী ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জগদ্বীশ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। নিহত ব্যক্তি বাকপ্রতিবন্ধী হওয়ায় তার পরিচয় শনাক্ত করা কঠিন হচ্ছে। তবে পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার (১২ জুলাই) চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আরো একজনের মৃত্যু হয়েছিল।