মাদারীপুরে মহাসড়কের পাশে মেয়ে সন্তান প্রসব

পাগলী ও তার নবজাতক শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফ উল আরেফীন।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
নবজাতক সন্তান কোলে পাগল মা
নবজাতক সন্তান কোলে পাগল মা |নয়া দিগন্ত

মাদারীপুরের কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী একটি পরিত্যক্ত স্থানে মেয়ে সন্তান জন্ম দিয়েছেন।

শুক্রবার (২৯ মে) ভোররাতে এ ঘটনাটি ঘটে।

এদিকে এ ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে ওই পাগলী ও তার নবজাতক শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফ উল আরেফীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পাগলী কালকিনি পৌর এলাকার ভূরঘাটাসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। শুক্রবার ভোররাতে ভূরঘাটা এলাকায় তার প্রসব ব্যথা উঠলে স্থানীয় কয়েকজন নারী এগিয়ে এসে সহযোগিতা করেন। পরে তিনি একটি সন্তান জন্ম দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন মা ও নবজাতকের খোঁজখবর নেন। নবজাতকের বাবার পরিচয় সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন জানান, খবর পাওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

তিনি আরো বলেন, ‘মা ও শিশুর চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের খরচ প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। তাদের সুস্থতা নিশ্চিত করতে আমরা সার্বিক সহযোগিতা অব্যাহত রাখব।’

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরো কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন।