চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সেখানে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি নির্বাচিত হয়েছেন ধুম ইউনিয়নের আজিম উদ্দিন।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভাবন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে ১৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে ধুম ইউনিয়নের আজিম উদ্দিনকে সম্মাননা স্মারক দেয়া হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, ‘তৃতীয় দিন মঙ্গলবার উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ১৫ জন প্রতিযোগী অংশ নেবেন। প্রতিযোগিতা শেষে একই দিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।’
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মিরসরাইয়ে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। প্রথম দিনে র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়। দ্বিতীয় দিনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য চাষ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যসম্পদের সুরক্ষা, সচেতনতা সৃষ্টি ও মৎস্যজীবী ও চাষিদের উৎসাহিত করতেই জাতীয় মৎস্য সপ্তাহের এসব কর্মসূচি আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাফাত ইবনে মোরশেদ, উপজেলা টেকনিশিয়ান (আইসিটি) কর্মকর্তা মহিউদ্দিন জিলানী, কোস্টগার্ড কর্মকর্তা (সিসি) মো: গোলাম মোস্তফাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



