কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

বিএনপি গণভোটের ৭৫ শতাংশ জনগণের রায়কে উপেক্ষা করে সংসদে জুলাই সনদকে পাশ কাটিয়ে চলছে যা অনভিপ্রেত। জনগণ অনতিবিলম্বে জুলাই সনদের শতভাগ বাস্তবায়ন দেখতে চায়। এর ব্যত্যয় ঘটলে ফ্যাসিস্ট উৎখাতের আন্দোলনের ডাক দেয়া হবে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ
কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ |নয়া দিগন্ত

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সঙ্কট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের চৌড়হাস মোড় থেকে শুরু হওয়া ওই বিক্ষোভ মিছিল কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দিয়ে মজমপুরগেট, পাঁচ রাস্তা মোড় হয়ে পৌরসভা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, সদর আসনের এমপি মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির কুষ্টিয়ার প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস টনি, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা আমির অধ্যাপক কামাল উদ্দিন জোয়ার্দার, এবি পার্টির মুখ্য সমন্বয়ক বেলাল উদ্দিন প্রমুখ।

হাজার হাজার জনগণের উপস্থিতিতে সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য ছিল। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়েই জুলাই সনদের আলোকে সংবিধানে স্থায়ীভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।

বিএনপি গণভোটের ৭৫ শতাংশ জনগণের রায়কে উপেক্ষা করে সংসদে জুলাই সনদকে পাশ কাটিয়ে চলছে যা অনভিপ্রেত। জনগণ অনতিবিলম্বে জুলাই সনদের শতভাগ বাস্তবায়ন দেখতে চায়। এর ব্যত্যয় ঘটলে ফ্যাসিস্ট উৎখাতের আন্দোলনের ডাক দেয়া হবে।

বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশের সিংহভাগ মানুষ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে তা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি চলমান জ্বালানি সঙ্কট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সঙ্কটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাই জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলের নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করেন।