লোহাগড়ায় মিরচাঁদ হত্যা মামলার প্রধান অভিযুক্ত শহীদুল মেম্বার গ্রেফতার

গ্রেফতার শহীদুল উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মরহুম গফফার মোল্যার ছেলে এবং ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

নড়াইল প্রতিনিধি

Location :

Narail
গ্রেফতার শহীদুল ইসলাম মোল্যা
গ্রেফতার শহীদুল ইসলাম মোল্যা |নয়া দিগন্ত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে নিহত ভ্যানচালক মিরচাঁদ সরদার হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি, সাবেক ইউপি সদস্য মো: শহীদুল ইসলাম মোল্যাকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে লোহাগড়া থানায় তাকে হস্তান্তর করা হয়।

গ্রেফতার শহীদুল উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মরহুম গফফার মোল্যার ছেলে এবং ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান গ্রেফতারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিত্বে র‍্যাব-৬ এর একটি দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যা রাতে খুলনার লবনচরা এলাকায় তার ভায়রা ভাইয়ের বাড়ি থেকে অভিযান চালিয়ে শহীদুলকে গ্রেফতার করে। পরে তাকে লোহাগড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। রাত ১০ টার দিকে আটক শহিদুলকে খুলনা থেকে সড়ক পথে লোহাগড়া থানায় আনা হয়েছে। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

উল্লেখ্য, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে বুধবার সকালে প্রতিপক্ষের লোকজনদের ধারালো অস্ত্রের কোপে মিরচাঁদ সরদার খুন হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।