কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ির ধাক্কায় আয়শা (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আয়শা উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের আমিনুর রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু আয়শা বিকেলে পাশের বাড়ি থেকে সড়ক পার হয়ে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়।
তার নাক, মুখ ও কান দিয়ে রক্তপাত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে পথিমধ্যে আয়শার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা ভ্যানগাড়িটি আটক করেন। তবে ভ্যানচালক পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একটি শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটির মাথায় আঘাত লেগেছিল।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।



