ঝালকাঠির রাজাপুরে মাদকসেবনের দায়ে তিন যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার ভেড়নবাড়িয়া এলাকার মো: লতিফ জোয়াদ্দারের ছেলে মো: ইমন জোমাদ্দার (২৫), মো: মতি ফরাজীর ছেলে মো: সুমন ফরাজী (৩০) ও মো: মজিবর হাওলাদারের ছেলে মো: সোহাগ হাওলাদার (১৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই তিন যুবক নলছিটির ভেড়নবাড়িয়া এলাকা থেকে রাজাপুর উপজেলার চল্লিশকাহনিয়া এলাকায় ইয়াবা ও গাঁজা কিনতে আসেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন। তাদের কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দোষী সাব্যস্ত করে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) মো: শামীম রেজা সজিব।
সহকারী কমিশনার (ভূমি) মো: শামীম রেজা সজিব বলেন, ‘মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসেবনের দায়ে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।’



