চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ বালু জব্দ করেছে প্রশাসন।
সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারঙ্গা এলাকায় ডলুখালের তীরবর্তী একটি টিলা কেটে ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে ও তাদের অংশগ্রহণে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন-এর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ডিজেল ইঞ্জিন, প্রায় ৫০০ ফুট পাইপ এবং ২৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি সেলু (শ্যালো) মেশিন বিকল করে দেওয়া হয়।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



