প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন। জেলার চকরিয়া-পেকুয়া ও মাতামুহুরি উপজেলায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ডুলাহাজারা সাফারি পার্কের বৃক্ষরোপণ কর্মসূচির স্থান, চকরিয়া পৌর বাসটার্মিনালে জনসভার নির্ধারিত ভেন্যু ও মাতামুহুরি উপজেলা প্রশাসানিক ভবন সরেজমিনে পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো: আ: মান্নান, পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক এম নুরুল আমিন কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় মনজুর মোর্শেদ চৌধুরী প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও জনসভা সুষ্ঠু, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রধানমন্ত্রী কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসানিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পেকুয়া নবগঠিত পৌর ভবনের উদ্ভোধনসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া একই দিন বিকেলে চকরিয়া পৌর বাসটার্মিনালে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



