লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি, মেয়াদোত্তীর্ণ বীজ বাজারজাত এবং ত্রুটিপূর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার আটকবর ও কার্পাসডাঙ্গা বাজার এলাকায় শিশু খাদ্য, সার ও বীজসহ বিভিন্ন পণ্যের ওপর তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রির দায়ে আব্দুর বারেকের প্রতিষ্ঠান মেসার্স মা অটোকে পাঁচ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির দায়ে বেল্টু মিয়ার মেসার্স তিসান বীজ ও বস্তা ঘরকে ১৫ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে হারুন অর রশিদের মেসার্স হারুন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় বাজার থেকে দুই বস্তা জুসবার জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।



