শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সালমা আক্তার (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার দেবকরা বাজার এলাকায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মৃত সালমা আক্তার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের বাসিন্দা এবং দৈয়ারা বেপারী বাড়ির বউ। তিনি রিয়াদুল ইসলামের স্ত্রী এবং এক মেয়ের মা ছিলেন। তিনি দেবকরা বাজার এলাকায় স্বামী ও সন্তানসহ ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাসার ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


