বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মো: আব্দুর রব বলেছেন, ‘জনগণের সেবা ও কল্যাণে আত্ননিয়োগ করাই একজন আদর্শ কর্মীর মূল দায়িত্ব।’
শনিবার (৯ মে) সাভার পৌর এলাকার একটি অডিটোরিয়ামে ৮ ও ৯ মে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে দুই দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠানে এসব কথা বলেন।
আব্দুর রব বলেন, ‘ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে কাজ করতে হবে। মানুষের দুঃখ-কষ্ট লাঘব, দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠন এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব তৈরির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।’
তিনি বলেন, ‘জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য সততা, আমানতদারিতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’
দেশ ও জাতির চলমান সঙ্কট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সকল পর্যায়ের জনশক্তিকে গণমানুষের প্রত্যাশা পূরণে আন্তরিক ভূমিকা রাখতে এবং পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে আরো সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
তিনি আরো বলেন, ‘আখেরাতের সফলতাই চূড়ান্ত সফলতা। সফলতার জন্য মুমিন হতে হবে, আল্লাহকে গোপন ও প্রকাশ্যে ভয় করতে হবে, সন্তুষ্ট ও অসন্তুষ্ট সকল অবস্থায় আনুগত্য করতে হবে, সচ্ছল ও অসচ্ছল সকল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করতে হবে, সর্বপরি শহীদের তামান্না থাকতে হবে।’
সমাজের অসহায়, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার নায়েবে আমির মাওলানা মো: আব্দুর রউফ ও অধ্যক্ষ মো: শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এ বি এম কামাল হোসাইন ও উপাধ্যক্ষ মাওলানা মো: শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সম্পাদক ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক কবিরুজ্জামান, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, আব্দুল কুদ্দুস, কাজী বেলাল হোসেন, পেশাজীবী সম্পাদক ইমদাদুল হক, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার থানা আমির আব্দুল কাদের, সাভার পৌর আমির আজিজুর রহমান, আশুলিয়া থানার আমির বশির আহমেদসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও অগ্রসর কর্মীরা।



