সিলেট বিভাগে ১৯ মে থেকে আহূত পরিবহন ধর্মঘট স্থগিত

রোববার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সাথে ফেডারেশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
এসএমপি কমিশনারের সাথে শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির মতবিনিময় সভা
এসএমপি কমিশনারের সাথে শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির মতবিনিময় সভা |নয়া দিগন্ত

সিলেট বিভাগে ১৯ মে থেকে আহূত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোববার (১৭ মে) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মতবিনিময় শেষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার সন্ধ্যায় দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, রোববার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সাথে ফেডারেশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসএমপি কমিশনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নির্দোষ নেতৃবৃন্দকে মামলা থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। একইসাথে প্রাথমিক তদন্তে ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া না গেলে নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় আগামী ১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে আহূত অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি আগামী ৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদি সাইফুল, কার্যকরী সভাপতি স্বপন আহমদ, সিলেট জেলা বাস, মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক খান, জেলা ট্রাক, পিকাপ, কার্ভড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাওসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম লস্কর, জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি মানিক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, জেলা অটো টেম্পু অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতছির আলী, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, জেলা ইমা লেগুনা হিউম্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন, সাধারণ সম্পাদক ইনসান আলী ও ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ।

উল্লেখ্য, ২৭ এপ্রিল কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে দু’জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ অন্য শ্রমিক নেতৃবৃন্দকে আসামি করে মামলা দায়ের করা হয়।

নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ১৪ মে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির এক জরুরি সভায় আগামী ১৯ মে থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে এসএমপি কমিশনারের উদ্যোগে রোববার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসএমপি কমিশনারের আশ্বাসে কর্মবিরতি ৬ জুন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।