শিবচরে চৈত্র-সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব

আকাশজুড়ে নানা রঙের, আকারের ও ঢঙের ঘুড়ি ওড়ানো হয়, যা পুরো উৎসবকে প্রাণবন্ত করে তোলে। অনেকে সুতায় মাঞ্জা দিয়ে ও নাটাই নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
ঘুড়ি উৎসব
ঘুড়ি উৎসব |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে চৈত্র-সংক্রান্তি উপলক্ষে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে হাতির বাগান মাঠে উপজেলা স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

চৈত্র মাসের শেষের দিকে ঐতিহ্যবাহী ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়। আকাশজুড়ে নানা রঙের, আকারের ও ঢঙের ঘুড়ি ওড়ানো হয়, যা পুরো উৎসবকে প্রাণবন্ত করে তোলে। অনেকে সুতায় মাঞ্জা দিয়ে ও নাটাই নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন।

স্থানীয়রা বলেন, চৈত্রের শেষের দিকে আকাশজুড়ে রঙিন ঘুড়ির মেলা বসে ও মানুষ ছাদ থেকে বা খোলা মাঠে এ প্রতিযোগিতায় অংশ নেন। এটি বাঙালির লোক-ঐতিহ্যের অন্যতম অংশ।

শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ (তুরাগ) খান দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘ঘুড়ি উৎসব বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা প্রত্যেক বছর এ আয়োজন করবো—যাতে সর্বস্তরের জনগণ প্রাণ খুলে ঘুড়ি উৎসব উপভোগ করতে পারেন। সাধারণ জনগণের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।’

শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব মো: সোহেল রানা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর শিবচরের জনগণ প্রাণ খুলে এ ধরনের ঘুড়ি উৎসব করতে পারেনি। আমরা দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে নিয়ে আজকের এ ঘুড়ি উৎসবের আয়োজন করেছি। স্বপ্নবাজ তরুণরা যেন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। ঘুড়ি যেমন স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায় তেমনি স্বপ্নবাজ তরুণরাও যেন ভালো কাজের মাধ্যমে আকাশ ছোঁয়া সাফল্য অর্জন করতে পারে। আমরা ভবিষ্যতে এ ধরনের ঘুড়ি উৎসব অব্যাহত রাখবো, ইনশাল্লাহ।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো: হেমাত হোসেন খান, শিবচর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বেপারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাব, শিবচর প্রেস ক্লাবের সহ-সভাপতি আহসান হাবীব, স্টার নিউজের মাদারীপুর জেলা প্রতিনিধি মো: আকাশ মুন্সি সোহেলসহ অন্য প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।